মুন্সীগঞ্জ প্রতিনিধি:সরকার ঘোষিত “মা ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫” এর অংশ হিসেবে মুন্সীগঞ্জে চলছে টানা বিশেষ অভিযান। তারই ধারাবাহিকতায় আজ রবিবার (২০ অক্টোবর) রাত ১২টা থেকে সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত মুন্সীগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে প্রায় ১,২০,০০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর ফারুক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাশেম, কোস্ট গার্ড, নৌ পুলিশ ও থানা পুলিশের সদস্যরা।
অভিযানটি পরিচালিত হয় মুন্সীগঞ্জ সদরের লঞ্চঘাট, মোল্লার চর, চর কিশোরগঞ্জ, বকচর, সরদার কান্দি, কালির চর ও বাংলাবাজার এলাকায়।
জব্দকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, ইলিশের প্রজনন মৌসুমে অবৈধভাবে ইলিশ ধরার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
প্রতি বছরের মতো এবারও সরকার ঘোষিত মা ইলিশ সংরক্ষণ অভিযানের মূল লক্ষ্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইলিশের টেকসই উৎপাদন ও প্রজনন নিশ্চিত করা।