মুন্সীগঞ্জ প্রতিনিধি: সরকার ঘোষিত মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ এর অংশ হিসেবে মুন্সীগঞ্জ সদরের চর আব্দুল্লাহপুর নৌ পুলিশ ফাঁড়ির উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার (২০ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। চর আব্দুল্লাহপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) খায়রুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে পদ্মা নদীর বিভিন্ন স্থানে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে প্রায় ১ লক্ষ (১,০০,০০০) মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জালের আনুমানিক বাজারমূল্য ৮৪ লক্ষ টাকা। এছাড়া অভিযানে প্রায় ১০ কেজি ইলিশ মাছ যার বাজারমূল্য আনুমানিক ১৩,০০০ টাকা, তা-ও উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জালগুলো উপজেলা মৎস্য অফিসার, মুন্সীগঞ্জ সদর-এর মোবাইল কোর্টের মাধ্যমে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধারকৃত ইলিশ মাছ গরিবদের মাঝে বিতরণ করা হয়। চর আব্দুল্লাহপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ খায়রুল আলম জানান, “মা ইলিশ সংরক্ষণে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের নির্দেশনায় নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।” বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।