মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও পশ্চিমপাড়ায় পারিবারিক জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের তিনজন আহত হয়েছেন।
২৬ অক্টোবর (রোববার) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ইকরাম দেওয়ান (৪৫), তাঁর ছোট বোন জাহানারা রহমান (৪০) ও স্ত্রী শান্তা বেগম (৩৫) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আহত ইকরাম মুন্সীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ১৮৮৮, তারিখ: ২৬/১০/২০২৫, দায়ের করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেন, তাঁর ভাই হাসান, জাহাঙ্গীর দেওয়ান, জাকির, মুনসুর দেওয়ান এবং তাঁদের পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করছে।
ইকরামের অভিযোগ, “অদ্য রাত সাড়ে ৮টার দিকে আমার ছোট ভাই মিঠুন দেওয়ান ঘর নির্মাণ করতে গেলে বিবাদীরা বাধা দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমরা প্রতিবাদ করলে তারা কাঠের ডাসা ও বাঁশের লাঠি দিয়ে মারধর করে। এতে আমরা আহত হই। এমনকি বিবাদী জাকিয়া আমার স্ত্রীকে তলপেটে লাথি মারে।”
চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছালে বিবাদীরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মুন্সীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম সাইফুল আলম পিপিএম জানান, “ঘটনাটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”