মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের লৌহজং থানা এলাকায় চুরির অভিযোগে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার (৪ মার্চ ২০২৬) ভোর আনুমানিক ৩টা থেকে ৬টার মধ্যে হলদিয়া ইউনিয়ন-এর সাতঘড়িয়া কমিউনিটি ক্লিনিকে বৈদ্যুতিক তার চুরির সময় স্থানীয় লোকজন দুইজনকে আটক করে। আটকরা হলেন— সাগর (৩০), পিতা ফরহাদ, গ্রাম গোয়ালীমান্দ্রা এবং ছানারুল (২৪), পিতা পেন্টু মান্তা।
স্থানীয়দের অভিযোগ, কমিউনিটি ক্লিনিকের বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লে জনতা তাদের গণপিটুনি দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে সকালে অসুস্থ অবস্থায় তাদের লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে লৌহজং থানাসহ জেলা পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করে। গ্রেফতাররা হলেন—
১. ফেরদৌস মাতবর (৩৬), পিতা মৃত সুরুজ মাতবর, গ্রাম সাতঘড়িয়া
২. মো. শামীম আহম্মেদ (২৬), পিতা রাজু আহম্মেদ, গ্রাম সাতঘড়িয়া
৩. শাওন (২৮), পিতা মোকসেদ হাওলাদার, গ্রাম আটিগাও
৪. নাইম (২০), পিতা সেন্টু, গ্রাম সাতঘড়িয়া
৫. আঃ আউয়াল শেখ (২৬), পিতা মো. চান মিয়া শেখ, গ্রাম পশ্চিম নাগের হাট
(সকলেই লৌহজং থানা, জেলা মুন্সীগঞ্জের বাসিন্দা)
এ ঘটনায় লৌহজং থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে গণপিটুনির মতো আইনবহির্ভূত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।