প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৬, ৩:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১, ২০২৬, ৬:১৮ পূর্বাহ্ণ
মুন্সীগঞ্জে মানহানির অভিযোগে ২ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মানহানি ও চাঁদাবাজির অভিযোগে আদালতে একটি সি.আর মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন সিভিল সার্জন অফিসের সাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর মোঃ মিজানুর রহমান (৫৮)।
মামলার সূত্রে জানা যায়, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালত, মুন্সীগঞ্জে দায়ের করা সি.আর মামলা নং-৩২৩/২০২৬-এ দণ্ডবিধির ৫০০/৫০১ ধারায় অভিযুক্ত করা হয়েছে জেলা প্রতিনিধি মোঃ আবু সাঈদ দেওয়ান সৌরভ ও দৈনিক মুন্সীগঞ্জের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মঈন উদ্দিন আহম্মেদ সুমনকে।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ২ আগস্ট ২০২৫ বিকেলে মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসে একটি আর্থিক লেনদেনের সময় গোপনে ভিডিও ধারণ করা হয়। পরে প্রায় তিন মাস পর অভিযুক্তদের পক্ষ থেকে অজ্ঞাত নম্বর দিয়ে ফোন করে ২ লাখ টাকা দাবি করা হয়। দাবি পূরণ না করলে ঘুষ গ্রহণের অভিযোগ এনে সংবাদ প্রকাশের হুমকি দেওয়া হয়।
বাদীর দাবি, তিনি অর্থ দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাদের নিজস্ব পত্রিকা “দৈনিক মুন্সীগঞ্জের সময়”-এ ১১ মার্চ একটি সংবাদ প্রকাশ করে তাকে ঘুষ গ্রহণের অভিযোগে অভিযুক্ত করেন। এতে তার দীর্ঘ ৩৮ বছরের চাকরি জীবনের সুনাম ক্ষুণ্ণ হয় এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হন। তিনি এতে ১০ লাখ টাকার মানহানির শিকার হয়েছেন বলে মামলায় উল্লেখ করেন।
মামলায় বাদী নিজে ছাড়াও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসকসহ আরও সাক্ষীর নাম উল্লেখ করা হয়েছে। প্রয়োজনে অতিরিক্ত সাক্ষী দাখিল করা হবে বলেও জানানো হয়েছে।
এ ঘটনায় বাদী আদালতের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন।
এ বিষয়ে আদালতের পরবর্তী আদেশের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।
Copyright © 2026 . All rights reserved.