মোঃ আঃ মালেক, মুন্সীগঞ্জ:
ঐতিহ্যবাহী মুন্সিরহাট বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার সকাল থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
মুন্সিরহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সাহেব আলী মিজির নেতৃত্বে এবং কমিটির সদস্যদের অংশগ্রহণে এ অভিযান পরিচালিত হয়। এ সময় বাজারের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।
অভিযানে পৌরসভার কিছু পরিচ্ছন্ন কর্মী ও ময়লা বহনের গাড়ি দিয়ে সহযোগিতা প্রদান করা হয়।
এ বিষয়ে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সাহেব আলী মিজি বলেন, “আজ থেকে মুন্সিরহাট বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের সূচনা করা হলো। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। বাজারকে পরিষ্কার রাখতে সকলকে সচেতন করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “আমরা নিয়মিতভাবে মুন্সীগঞ্জ পৌরসভায় ট্যাক্স প্রদান করে থাকি। কিন্তু দুঃখজনকভাবে বাজার কমিটি ও ব্যবসায়ীরা পৌরসভার প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। আমাদের জোর দাবি, বাজারের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে পৌরসভার নির্ধারিত কর্মী ও ময়লা বহনের গাড়ি নিয়মিতভাবে কাজ করবে।”
স্থানীয় ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে বাজারের সার্বিক পরিবেশ উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।