মোঃ আঃ মালেক: মুন্সীগঞ্জে আধুনিক প্রযুক্তিনির্ভর (স্লটার হাউজ) কসাইখানার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে মুন্সীগঞ্জ পৌরসভার মুন্সিরহাট এলাকায় নবনির্মিত এ কসাইখানার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু এবং মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমি মাহবুবসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মুন্সীগঞ্জ পৌরসভার উদ্যোগে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ আধুনিক কসাইখানায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে স্বল্প সময়ে পশু জবাই, স্বাস্থ্যসম্মত উপায়ে মাংস প্রক্রিয়াকরণ এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার সুবিধা রাখা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, কসাইখানাটিতে পশু গ্রহণের পর স্বাস্থ্য পরীক্ষা, নির্ধারিত নিয়মে জবাই, মাংস প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণের প্রতিটি ধাপ স্বাস্থ্যবিধি অনুসরণ করে সম্পন্ন করা হবে। এতে জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি নিরাপদ ও মানসম্মত মাংস সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক এ স্লটার হাউজ চালুর মাধ্যমে মুন্সীগঞ্জ পৌর এলাকায় স্বাস্থ্যসম্মত পরিবেশে পশু জবাই ও মাংস সরবরাহের নতুন দিগন্ত উন্মোচিত হলো। একই সঙ্গে পরিবেশ দূষণ রোধ এবং বর্জ্য ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।