প্রিন্ট এর তারিখঃ জুন ১২, ২০২৬, ৩:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২৬, ৪:৩৪ অপরাহ্ণ
পলক অটিজম স্কুল পরিদর্শনে জেলা প্রশাসক, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে উপহার বিতরণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও বিকাশ কার্যক্রম পর্যবেক্ষণে পলক অটিজম স্কুল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
বৃহস্পতিবার (১১ জুন) বিদ্যালয়টি পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের মাঝে বিভিন্ন উপহার ও পুরস্কার সামগ্রী বিতরণ করেন। এ সময় শিশুদের আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা খাদিজা পারভিন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকরা।
জেলা প্রশাসক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত সুবিধা এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য আরও উন্নত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সৈয়দা নুরমহল আশরাফী বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতিভা ও সক্ষমতা বিকাশে পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তাদের জন্য সহানুভূতিশীল ও নিরাপদ পরিবেশ গড়ে তোলার মাধ্যমে সমাজের মূলধারায় সম্পৃক্ত করার সুযোগ সৃষ্টি করতে হবে।
তিনি আরও বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কল্যাণ ও উন্নয়নে জেলা প্রশাসনের সহযোগিতা এবং প্রয়োজনীয় কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।