মুন্সীগঞ্জ প্রতিনিধি: আজ বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়স্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ ২০২৬–২৭’-এর উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে দেশের সকল বিভাগীয় কমিশনার, সকল জেলা প্রশাসক এবং নির্বাচিত ৭৪টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ (ইউএনও) ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সংযুক্ত ছিলেন।
এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জ থেকে ভিডিও কনফারেন্সিংয়ে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম; জেলা পরিষদ, মুন্সীগঞ্জের প্রশাসক জনাব এ. কে. এম. ইরাদত; অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ এবং গণমাধ্যমকর্মীরা।
ভিডিও কনফারেন্সিং শেষে জেলা প্রশাসক তাঁর বক্তব্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, মানবতাবাদ, সাম্য, ন্যায়বিচার, দেশপ্রেম এবং সংস্কৃতিচর্চার আদর্শ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ধারণ ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, নজরুলের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি উন্নত, মানবিক, জ্ঞানভিত্তিক, সংস্কৃতিমনা এবং বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি উপস্থিত সকলের প্রতি আন্তরিক আহ্বান জানান।