মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের নিবিড় তত্ত্বাবধানে জেলার ৬টি উপজেলায় মোট ২০টি মূল কেন্দ্র ও ২টি ভেন্যু কেন্দ্রে এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা অত্যন্ত সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে যথাসময়ে শুরু হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা নির্বাহী অফিসারদের কার্যালয় থেকে সিসিটিভি সংযোগের মাধ্যমে জেলার ২২টি পরীক্ষা কেন্দ্রের কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। প্রশাসনের কার্যকর ব্যবস্থাপনা, কঠোর তদারকি এবং সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টার ফলে পরীক্ষাগুলো সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে, প্রশ্নপত্র নিরাপদে ও নির্ধারিত সময়ে সব কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে এবং প্রশ্নপত্র বিতরণে কোনো ধরনের সমস্যা বা বিঘ্ন ঘটেনি। পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা, অনিয়ম কিংবা নকলের ঘটনা পরিলক্ষিত হয়নি। জেলা প্রশাসনের নিরবচ্ছিন্ন তদারকি ও কার্যকর সমন্বয়ের মাধ্যমে সার্বিকভাবে এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা সফল, সুশৃঙ্খল ও সন্তোষজনক পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।