
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রমের আওতায় আয়োজিত “মৌলিক দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ”-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ০৮ জুলাই ২০২৬ (বুধবার) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার। এছাড়া জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আলাল উদ্দিন, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী নবীন প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব। আত্মনির্ভরশীলতা অর্জন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। তাই প্রশিক্ষণার্থীদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণ করে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে বাস্তব জীবনে কাজে লাগানোর আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে আরও আশাবাদ ব্যক্ত করা হয় যে, অনগ্রসর জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখবে।