
মুন্সীগঞ্জ প্রতিনিধি: ৩৮তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা-২০২৬-এ অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ মুন্সীগঞ্জের কৃতি সাঁতারু ফাতিহা মাহতাব মাইশাকে সংবর্ধনা দিয়েছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী।
সোমবার (২০ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক মাইশার হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও আন্তর্জাতিক অঙ্গনে আরও সাফল্য কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জুবায়ের হোসেন এবং জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভীন।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ফাতিহা মাহতাব মাইশার এই অনন্য অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, এটি পুরো মুন্সীগঞ্জ জেলার জন্য গর্বের বিষয়। তিনি ভবিষ্যতেও দেশের জন্য আরও সাফল্য বয়ে আনবেন বলে আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, গজারিয়া উপজেলার রসুলপুর ইউনিয়নের নবম শ্রেণির শিক্ষার্থী ফাতিহা মাহতাব মাইশা ৩৮তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা-২০২৬-এ দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ১০টি স্বর্ণপদক ও ১টি রৌপ্যপদক অর্জন করেন। পাশাপাশি তিনি প্রতিযোগিতায় ৪টি জাতীয় রেকর্ড গড়ে সেরা সাঁতারুর সম্মাননা লাভ করেন। তাঁর এই অসাধারণ কৃতিত্ব মুন্সীগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন গৌরবের সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।