মুন্সীগঞ্জে পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার: আটক ২
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি সফল অভিযানে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় দুই জন সন্দেহভাজন অস্ত্রধারীকে আটক করা হয়েছে।
ডিবি পুলিশের সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোররাতে (১২ আগস্ট) আনুমানিক ৪টা ২০ মিনিটে জেলা গোয়েন্দা শাখার এসআই রাশেদ মুন্সি সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মুন্সীগঞ্জ থানাধীন মুন্সীরহাট খাসকান্দি রোডের মেহেদী এন্টারপ্রাইজ এর সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। এ সময় দুই জন সন্দেহভাজনকে আটক করা হয়।
আটকৃতরা হলেন তোফাজ্জল মোল্লা (২৫) ও সিফাত বেপারী (২৫), উভয়ের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়।
তাদের দেহ তল্লাশি করে ১টি পাইপগান, ২ রাউন্ড কার্তুজ এবং ৩টি বিপজ্জনক ধারালো অস্ত্র (ক্রিস) উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ সুত্রে জানান, জেলার নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে ডিবি পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
