মুন্সীগঞ্জে শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণের অঙ্গীকার

মুন্সীগঞ্জ প্রতিনিধি: বিভিন্ন সেবাখাতে শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় ও করণীয় নির্ধারণে এক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) মুন্সীগঞ্জ শহরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত এ সভার আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠন **সচেতন নাগরিক কমিটি (সনাক), মুন্সীগঞ্জ। সভায় অংশ নেন সনাক ও সনাকের তত্ত্বাবধানে পরিচালিত তরুণদের দুর্নীতিবিরোধী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস)এবং তৃণমূল পর্যায়ে গঠিত **অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)-এর শতাধিক সদস্য।
সনাক সভাপতি মোঃ ফজলুর রহমান-এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টিআইবি’র কোঅর্ডিনেটর মোঃ আতিকুর রহমান। সভার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য মোঃ জাহাঙ্গীর হাসান।
দুর্নীতিবিরোধী আন্দোলনকে আরও ফলপ্রসূ করার উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন সনাক সদস্য **ইলিয়াস খান**সহ অন্যান্য বক্তারা। মুক্ত আলোচনায় অংশ নেন রিংকী রানী দাস, স্বর্ণতারা, অধরা সরকার, রিক্তা আক্তার, মানিক চন্দ্র মজুমদার, মাশফিকুর সালেহীন সিহাব, রাজ মল্লিক, অ্যাডভোকেট জয়দেব সরকার, মোঃ জনি হোসেন, মোঃ মনির হোসেন, সাদিয়া আক্তার, রিমা রানী শিল, সিফাত আক্তার, ইসমত জাহান ইতু, মুন্না ঢালী, মোঃ আব্দুল মান্নান, মালিহা সুলতানা, সুরাইয়া আক্তার, মিরাজ হোসেন, তুহিন মোল্লা প্রমুখ।
বক্তারা মুন্সীগঞ্জের সেবাখাতে সেবার মানোন্নয়নে প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দেন।
আলোচনার শেষে উপস্থিত সদস্যরা দুর্নীতি প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করেন। পরে সনাক সহ-সভাপতি অ্যাডভোকেট পাপিয়া আক্তার নীলু উপস্থিত সবাইকে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান। সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন সনাক সভাপতি মোঃ ফজলুর রহমান।
