|

শ্রীনগর বাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩৬ জনের মাঝে জেলা প্রশাসনের অনুদান বিতরণ

মুন্সীগঞ্জ (শ্রীনগর) প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলাধীন শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩৬ জন ব্যবসায়ীর মাঝে প্রত্যেককে ৭,৫০০ টাকা করে নগদ অনুদান বিতরণ করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত। আজ বিকাল ৪টায় শ্রীনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এই অনুদান বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মহিন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারবর্গ।

উল্লেখ্য, গত ১৬ মে ২০২৫ তারিখ গভীর রাতে শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস প্রদান করেন এবং দ্রুত ক্ষয়ক্ষতির তালিকা প্রণয়ন ও অনুদান প্রদানের প্রক্রিয়া শুরু হয়।

দ্রুততম সময়ে তালিকা চূড়ান্ত করে জেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্তদের এই নগদ অনুদান প্রদান করা হলো। জেলা প্রশাসক বলেন, “সরকার ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের পাশে আছে। পর্যায়ক্রমে আরও সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।”

এ অনুদান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতি পূরণে সরাসরি সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *