বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। আগামী ১৩ মে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে বলে ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ইতোমধ্যে বিয়ের সব প্রস্তুতি প্রায় চূড়ান্ত হয়েছে। যদিও এ বিষয়ে সাদিক কায়েম আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি।

ডাকসুর এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা জেনেছি আগামী ১৩ মে ভিপি সাদিক কায়েমের বিয়ে অনুষ্ঠিত হবে। বিষয়টি পারিবারিকভাবে চূড়ান্ত হয়েছে। তবে তিনি নিজে আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দেওয়ায় এখনই শতভাগ নিশ্চিত করে বলা যাচ্ছে না।”

পারিবারিক সূত্রে জানা গেছে, সাদিক কায়েমের হবু স্ত্রীর নাম আনিকা ফরায়েজি। তিনি পেশায় একজন এমবিবিএস চিকিৎসক। তার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। আনিকার বাবা দেশের একটি শিল্পগোষ্ঠীর উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি একাধিক প্রতিষ্ঠানের সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন বলে জানা গেছে।

সূত্র আরও জানায়, বিয়ের আকদ অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে। অনুষ্ঠানে ডাকসুর নেতাকর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং দুই পরিবারের স্বজনরা উপস্থিত থাকবেন। পরে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে বিয়ের মূল আয়োজন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে সাদিক কায়েমের বিয়ের খবর ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। ডাকসুর বিভিন্ন নেতা ও শিক্ষার্থীদের পোস্টে বিষয়টি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে। বিশেষ করে সামাজিক মাধ্যমে একটি বিয়ের কার্ডের ছবি ছড়িয়ে পড়ার পর আলোচনা আরও বাড়ে।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *