মুন্সীগঞ্জে জনপ্রশাসন সচিব, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুরুত্বারোপ

মো. আঃ মালেক, মুন্সীগঞ্জ : জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুজ্জামান চৌধুরী মুন্সীগঞ্জ জেলা পরিদর্শন করেছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে জেলা সফরকালে তিনি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেন।
সফরের শুরুতে তিনি মুন্সীগঞ্জ সার্কিট হাউজ প্রাঙ্গণে একটি কদবেল গাছের চারা রোপণ করেন। পরে সকাল ১০টায় সার্কিট হাউজ থেকে “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” উপলক্ষে আয়োজিত জনসচেতনতামূলক র্যালিতে অংশ নেন। র্যালি শেষে তিনি পরিচ্ছন্নতা অভিযানেও অংশগ্রহণ করেন।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে “ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সরকারের অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়ন নিশ্চিতকরণ” শীর্ষক জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুজ্জামান চৌধুরী। এতে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
সভায় পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম; সিভিল সার্জন ডা. সাজেদা বেগম; জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ্ নাজমা নাহার; উপপরিচালক, স্থানীয় সরকার মৌসুমী মাহবুব; কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. হাবিবুর রহমান; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার; অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেন; সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফাসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধান, সরকারি কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার আইনশৃঙ্খলা, স্বাস্থ্য ও কৃষিখাতের সার্বিক পরিস্থিতি এবং ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সরকারের অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নে গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সচিবকে অবহিত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুজ্জামান চৌধুরী সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলো আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের জনসেবক হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।
তিনি পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে নিয়মিত বৃক্ষরোপণ ও পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মুন্সীগঞ্জের ওপর দিয়ে যাতায়াতকারী ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনা এবং জনসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সচিব সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারি কার্যক্রমের ত্রুটি-বিচ্যুতি তুলে ধরার আহ্বান জানান। পাশাপাশি প্রবাসীদের কষ্টার্জিত অর্থ ও সম্পদ যাতে কোনোভাবে বেহাত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেন।
