গজারিয়ায় ওএমএস কার্যক্রমের উদ্বোধন, সাশ্রয়ী মূল্যে মিলবে চাল-আটা

মো. আঃ মালেক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় খাদ্য অধিদপ্তর পরিচালিত ওএমএস (ওপেন মার্কেট সেল) কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া, জেলা খাদ্য কর্মকর্তা লিটন কুমার প্রামাণিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য পৌঁছে দিতে এ ওএমএস কার্যক্রম চালু করা হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য বাজারমূল্যের তুলনায় কম দামে চাল ও আটা কেনার সুযোগ তৈরি হবে এ কার্যক্রমের মাধ্যমে।
জানা গেছে, গজারিয়া উপজেলার ৬টি কেন্দ্রে ৮টি ডিলার পয়েন্টের মাধ্যমে সরকারি ছুটির দিন ছাড়া প্রতি সপ্তাহে ৫ দিন ওএমএস কার্যক্রম পরিচালিত হবে। একজন উপকারভোগী সর্বোচ্চ ৫ কেজি চাল ও ৫ কেজি আটা কিনতে পারবেন।ওএমএসের আওতায় প্রতি কেজি চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা এবং প্রতি কেজি আটার মূল্য ২৪ টাকা। প্রতিদিন একজন ডিলার ১ টন চাল ও ১ টন আটা বিক্রি করবেন।
এ কার্যক্রমের ফলে গজারিয়ার নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য ন্যায্যমূল্যে খাদ্যপণ্য সংগ্রহের সুযোগ আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
