মুন্সীগঞ্জে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি কামরুজ্জামান রতন ও জেলা প্রশাসক

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ও শিলই ইউনিয়নের নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন এবং মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
সোমবার (২০ জুলাই) তাঁরা নদীভাঙনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং চলমান প্রতিরোধমূলক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত, মুন্সীগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মোস্তফা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এ সময় প্রতিনিধি দল নদীভাঙনের ঝুঁকিপূর্ণ স্থানগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। ভাঙন প্রতিরোধে জরুরি ব্যবস্থা হিসেবে বিভিন্ন স্থানে জিও ব্যাগ স্থাপনের কার্যক্রম পরিদর্শন ও তদারকি করা হয়। পাশাপাশি স্থানীয় ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের দুর্ভোগ, নিরাপত্তা, পুনর্বাসন এবং প্রয়োজনীয় সহায়তার বিষয়েও খোঁজখবর নেওয়া হয়।
সংসদ সদস্য ও জেলা প্রশাসক ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করে বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার রয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা প্রশাসন জানায়, স্থানীয় জনপ্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বয়ে নদীভাঙন পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্ষয়ক্ষতি কমিয়ে আনা, ঝুঁকিপূর্ণ এলাকায় দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
