শেখ হাসিনার দেশে ফেরা আর হবে না: হাসনাত আব্দুল্লাহ

মোঃ রুবেল, মুন্সীগঞ্জ: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বর্তমান সরকার এক লাখ মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেও ছয় মাসে ৬০০ জনেরও কর্মসংস্থান করতে পারেনি। তিনি সরকারের কর্মসংস্থান, সংবিধান সংস্কার এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সমালোচনামূলক বক্তব্য দেন।
মঙ্গলবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা মহাসড়কে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, সিরাজদিখানের বিভিন্ন এলাকায় বড় বড় সাইনবোর্ড দেখা যাচ্ছে, যেগুলো ৫ আগস্টের পর হাতবদল হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সংবিধানে ‘সংবিধান সংস্কার পরিষদ’ নামে কোনো ধারা নেই, তাই সংবিধান সংস্কার করা যাবে না। এ বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, এমন ব্যাখ্যা সঠিক হলে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা সৃষ্টি হতো না।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গেও বক্তব্য দেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, অনেকেই মনে করেন শেখ হাসিনা দেশে ফিরবেন। তবে তাঁর দাবি, শেখ হাসিনার আর দেশে ফেরার সম্ভাবনা নেই। একই সঙ্গে তিনি বলেন, “আমরাও চাই তিনি দেশে ফিরে আসুন, তাঁর বিচার হোক। আগামীকালই দেশে ফিরুন—আমরা সেটাই চাই।”
জুলাই পদযাত্রায় এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মুন্সীগঞ্জ জেলা কমিটির নেতাকর্মী এবং জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
