চৌহালীর উমারপুর ইউপি নির্বাচনে আলোচনায় সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রউফ বেপারী

চৌহালী উপজেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে পুরো ইউনিয়ন। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে বিভিন্ন এলাকায় চলছে আলোচনা, মতবিনিময় ও নির্বাচনী হিসাব-নিকাশ। এরই মধ্যে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছে উমারপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রউফ বেপারীর নাম। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার পাশাপাশি ইউনিয়ন পরিষদের সদস্য ও পরবর্তীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন আব্দুর রউফ বেপারী। এ সময়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ তৈরি হয়েছে বলে দাবি স্থানীয়দের। এলাকাবাসীর একাংশের ভাষ্য, মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, অসহায় ও দরিদ্রদের সহযোগিতা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার কারণে রউফ বেপারী স্থানীয়ভাবে পরিচিত মুখ। বিশেষ করে চরাঞ্চলের মানুষের বিভিন্ন সমস্যা ও বিপদ-আপদে তিনি সহযোগিতার জন্য এগিয়ে আসেন বলেও জানান কয়েকজন বাসিন্দা। উমারপুর ইউনিয়ন বিএনপির তৃণমূল পর্যায়ের কয়েকজন নেতাকর্মী বলেন, আব্দুর রউফ বেপারী দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে কাজ করছেন। তাঁদের মতে, তিনি নির্বাচনে অংশ নিলে ভোটারদের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে পারে। ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট-বাজার, চায়ের দোকান ও সামাজিক আড্ডায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে। এসব আলোচনায় রউফ বেপারীর নামও গুরুত্বের সঙ্গে উঠে আসছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে নির্বাচন যত ঘনিয়ে আসবে, ততই প্রার্থীদের অবস্থান ও নির্বাচনী সমীকরণ আরও স্পষ্ট হবে বলে মনে করছেন স্থানীয়রা। চেয়ারম্যান পদে নির্বাচন করার বিষয়ে জানতে চাইলে আব্দুর রউফ বেপারী বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে এলাকার উন্নয়ন এবং জনগণের সেবায় কাজ করে যেতে চাই। জনগণ যদি আমাকে যোগ্য মনে করেন, তাহলে তাঁদের সিদ্ধান্তই হবে আমার সবচেয়ে বড় শক্তি।” এদিকে উমারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য অন্যান্য প্রার্থীদের নিয়েও স্থানীয় পর্যায়ে আলোচনা চলছে। শেষ পর্যন্ত কারা নির্বাচনে অংশ নেবেন এবং ভোটারদের সমর্থনের চূড়ান্ত চিত্র কী দাঁড়াবে, তা নির্বাচনী তফসিল ও প্রার্থীদের আনুষ্ঠানিক ঘোষণা পরবর্তী সময়ে আরও পরিষ্কার হবে।
