|

মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে আলোচনা সভা

মো. আঃ মালেক, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, রোগীদের যথাযথ চিকিৎসা ব্যবস্থাপনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদারের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়, মুন্সীগঞ্জের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান।

সভায় সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, উপপরিচালক স্থানীয় সরকার মৌসুমী মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন, পিপিএম, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত ছিলেন।

সভায় জেলার সার্বিক ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি ডেঙ্গু রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনা, হাসপাতালের প্রস্তুতি, পরিচ্ছন্নতা অভিযান, মশার প্রজননস্থল ধ্বংস, জনসচেতনতা বৃদ্ধি এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, হাসপাতাল চত্বরে পানি জমে থাকা স্থান ও সম্ভাব্য মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করা, ডেঙ্গু রোগীদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধের মজুত নিশ্চিত করা এবং জাতীয় গাইডলাইন ও প্রচলিত চিকিৎসা প্রটোকল যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া ডেঙ্গু প্রতিরোধে সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সম্পৃক্ত করে ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে প্রিন্ট, ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক প্রচার-প্রচারণা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর ২০২৬ থেকে “দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” উপলক্ষে দেশব্যাপী তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচি আগামী ১২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত চলবে।

ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও যাতে পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *