মুন্সীগঞ্জে চেতনানাশক দিয়ে ইজিবাইক ছিনতাই, ৭ জন গ্রেফতার
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে চেতনানাশক দিয়ে ইজিবাইক ছিনতাই করা একটি আন্তঃজেলা চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে ছিনতাইকৃত ৮টি ইজিবাইক (অটোরিকশা) ও চেতনানাশক মিশ্রিত বিস্কুটসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
সোমবার (১১ আগস্ট) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার।
পুলিশ জানায়, চক্রটি যাত্রীবেশে ইজিবাইকে উঠে চালকদের বিভিন্ন এলাকায় ঘোরাতে বলে। এরপর সুযোগ বুঝে চালককে চেতনানাশক মিশ্রিত বিস্কুট, পানি বা কোল্ড ড্রিংকস খাইয়ে অজ্ঞান করে অথবা হত্যা করে ইজিবাইক নিয়ে যায়। ছিনতাইকৃত যানবাহনের চেসিস ও বডি আলাদা করে গ্যারেজে বিক্রি করত তারা।
গত ২ আগস্ট সিরাজদিখান থেকে চালক আলম শেখকে অজ্ঞান করে তার ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় তদন্তে নামে ডিবি। ১০ আগস্ট শ্রীনগরের পাটাভোগ ফেরিঘাট এলাকা থেকে রুবেল, জামাল ও ইমরান নামে তিনজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে
মো: হৃদয় শেখ (২৫), পলাশ পাঠান (৩৫), মো: বিধান (৪৭) ও মো: সুমন (৩৮) কে গ্রেফতার করা হয়। যাদের মধ্যে একজন গ্যারেজ মালিকও রয়েছে। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ৬টি অটোরিকশা, ২টি চেসিস, চেতনানাশক মিশ্রিত বিস্কুটের প্যাকেট ও একটি ওয়্যারলেস সেট।
গ্রেফতারদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক হত্যা ও ছিনতাই মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে, এ ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।
