জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫: প্রদর্শনীর পুরস্কার বিতরণ ও মেলার সমাপনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতেবেদক: জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে আয়োজিত প্রদর্শনীর পুরস্কার বিতরণ ও মেলার আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠান আজ সন্ধ্যায় পুরাতন বাণিজ্য মেলার মাঠের সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) ড. মোঃ মোখলেস উর রহমান। অনুষ্ঠানে সিনিয়র সচিব বলেন, বিজ্ঞানী, খামারি ও উদ্যোক্তাদের অবদানের ফলেই বাংলাদেশ আজ কোরবানির গরু-ছাগলে স্বয়ংসম্পূর্ণ। তিনি জানান, দেশের লেদার এক্সপোর্টে খামারিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি তিনি গণমাধ্যমকে বিভিন্ন প্রাণিজ খাদ্যের পুষ্টিগুণ আরও বেশি তুলে ধরার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “আমিষ আমাদের সুস্থতার জন্য অত্যন্ত জরুরি। দেশের আমিষের বড় অংশই আসে খামারি ও চাষীদের হাত ধরে।” মেলার উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, দেশে প্রোটিনের চাহিদা পূরণ, সচেতনতা সৃষ্টি এবং উৎপাদন ব্যবস্থাকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
তিনি আমদানি কমিয়ে রপ্তানি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এবং গবেষণা ও ভ্যাক্সিন উৎপাদনে অবদান রাখাদের আর্থিক প্রণোদনা দেওয়ারও পরামর্শ দেন। জেলা প্রশাসকদের উদ্দেশে তিনি বলেন, খামারি ও উদ্যোক্তাদের খাস জমি ব্যবহার নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব **আবু তাহের মুহাম্মদ জাবের** বলেন, “এই মেলায় প্রাইভেট সেক্টর অসাধারণ অবদান রেখেছে। স্বপ্ন বড় না হলে বড় অর্জন সম্ভব নয়। তিনি প্রিয় প্রাণী নিয়ে প্রদর্শনীতে অংশ নেওয়া খামারিদের ধন্যবাদ জানান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) **জাকারিয়া এবং অ্যানিমেল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি **সায়েম উল হক। উল্লেখ্য, মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ১০ ক্যাটাগরিতে মোট ৩০ জনকে পুরস্কার প্রদান করা হয়।
