মুন্সীগঞ্জ-৩ আসনে প্রার্থী মোঃ মোশারফ হোসেন (পুস্তি) এর গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ মোশারফ হোসেন (পুস্তি) শনিবার সকাল ১১টায় মিরকাদিম পৌরসভার রিকাবী বাজার এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় ও সমস্যাবলি শোনেন।
গণসংযোগ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মোশারফ হোসেন বলেন, এলাকার দীর্ঘদিনের বঞ্চনা ও উন্নয়নবঞ্চিত মানুষের সমস্যা সমাধানের লক্ষ্যেই তিনি নির্বাচন করছেন। তার মতে, মুন্সীগঞ্জ-৩-এর প্রধান সমস্যা হলো অবকাঠামোগত অনুন্নয়ন, বেকারত্ব, কৃষিনির্ভর মানুষের অর্থনৈতিক অনিশ্চয়তা এবং দুর্বল যোগাযোগ ব্যবস্থা।
তিনি জানান, নির্বাচিত হলে দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যানের ভিত্তিতে সড়ক, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নকে অগ্রাধিকার দেবেন। কৃষকদের জন্য সহায়তা তহবিল গঠন, স্থানীয় শিল্পায়ন, তরুণদের স্কিল ডেভেলপমেন্ট, আইটি-ভিত্তিক কর্মসংস্থান এবং উদ্যোক্তা তৈরির উদ্যোগ গ্রহণের পরিকল্পনাও তুলে ধরেন তিনি।
নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে ক্ষুদ্রঋণ, প্রশিক্ষণ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করাকে গুরুত্ব দেবেন বলে জানান মোশারফ হোসেন। স্বচ্ছতা নিশ্চিত করতে ডিজিটাল মনিটরিং সিস্টেম ও স্থানীয় পর্যায়ে জনগণের অংশগ্রহণমূলক কমিটি গঠনের কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি নিয়মিত ওপেন-ফোরাম, হটলাইন, অনলাইন পোর্টাল ও মাসিক মতবিনিময় সভার মাধ্যমে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখার প্রতিশ্রুতি দেন।
তিনি জানান, একটি উন্নত অবকাঠামো, কর্মসংস্থান ও আধুনিক সেবা নিশ্চিতে মুন্সীগঞ্জ-৩ কে “মডেল অঞ্চল” হিসেবে গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য। মোশারফ হোসেন বলেন, “আমি আপনাদের সন্তান, আপনাদের সেবক হতে চাই। সুযোগ পেলে এলাকার উন্নয়নে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করব।”
