শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পঞ্চসারে মিলাদ, দোয়া ও গণভোজ
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মিলাদ, দোয়া ও গণভোজের আয়োজন করা হয়।
রোববার (১ জুন) সকাল ৯টায় মালিরপাথর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্জ্ব মোঃ মহিউদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর ফকির, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাজী মোঃ মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, জেলা যুবদলের আহ্বায়ক মজিবর রহমান দেওয়ান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, সদস্য সচিব মাসুদ রানা, ৬নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি নাসির ভান্ডারীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্জ্ব মোঃ মহিউদ্দিন বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। তার দেশপ্রেম, কর্মনিষ্ঠা ও নেতৃত্ব আজও জাতির জন্য অনুকরণীয়। আজকের এই দিনে আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করছি।”
তিনি আরও বলেন, “মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন স্থানে যারা শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালন করেছেন, আমি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাই।”
অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং পরে গণভোজের আয়োজন করা হয়।
এই কর্মসূচিকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ করা যায়।
