দুর্যোগ ব্যবস্থাপনায় চীনের সহায়তা আরও জোরদার হবে: উপদেষ্টার সাথে রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক: ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা আরও বিস্তৃত ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক। আজ সচিবালয়ে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন (Yao Wen)।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, চীনা দূতাবাসের প্রথম সচিব Ge Xiaofeng ও তৃতীয় সচিব Bai Zhaxi সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বৈঠকে দুই দেশের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনায় সহযোগিতা, সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। উপদেষ্টা ফারুক ই আজম বলেন, “দুর্যোগ ব্যবস্থাপনার কার্যক্রমকে আরও কেন্দ্রীয়ভাবে সমন্বিত করতে একটি স্বয়ংসম্পূর্ণ ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার (NEOC) প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে চীন সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় কার্যক্রম শিগগিরই শুরু হবে।”
তিনি আরও জানান, ইতোমধ্যে বাংলাদেশ ও চীন সরকারের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ভবিষ্যতে চট্টগ্রাম ও সিলেটে আরও দুটি আঞ্চলিক NEOC কাম গুদামঘর স্থাপনে চীনের সহযোগিতা প্রত্যাশা করেন উপদেষ্টা।
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রমে চীন দীর্ঘদিন ধরে সহযোগিতা করে আসছে। ভবিষ্যতেও আমরা এ ধরনের কার্যক্রমে অংশ নিতে প্রস্তুত।” তিনি বাংলাদেশের দুর্যোগ-ত্রাণ ও পুনর্গঠন প্রচেষ্টায় চীনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
উপদেষ্টা চীনের এই আগ্রহ ও সহযোগিতাকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং দুর্যোগ ব্যবস্থাপনায় চীনকে বাংলাদেশের “গুরুত্বপূর্ণ ও বিশ্বস্ত অংশীদার” হিসেবে উল্লেখ করেন।
সাক্ষাতে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা, মানবসম্পদ উন্নয়ন, প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তার ক্ষেত্রেও মতবিনিময় হয়।
