সরকারি উদ্যোগে দেশব্যাপী পরিবহন ধর্মঘট প্রত্যাহার: অংশীজনদের সর্বসম্মত সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উদ্যোগে এবং আন্তরিক প্রচেষ্টায় আসন্ন ৭২ ঘণ্টার দেশব্যাপী পরিবহন ধর্মঘট সর্বসম্মতভাবে প্রত্যাহার করা হয়েছে। আগামী ১২ আগস্ট থেকে শুরু হওয়ার কথা থাকলেও ধর্মঘট আর কার্যকর হচ্ছে না বলে আজ এক গুরুত্বপূর্ণ সভা শেষে জানানো হয়েছে।

ঢাকার বিদ্যুৎ ভবনের বিজয় হলে আয়োজিত এই সভায় সড়ক পরিবহন মালিক সমিতির সাথে আলোচনা শেষে সিদ্ধান্তটি গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপদেষ্টা ফাওজুল কবির খান জানান, সড়ক পরিবহন আইন, ২০১৮ সংশোধনের জন্য আগামী সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে বিভিন্ন অংশীজনের মতামত নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভার মাধ্যমে একটি সংশোধনী খসড়া প্রস্তুত করা হবে।

তিনি বলেন, “ইকোনমিক লাইফ উত্তীর্ণ মোটরযান সড়ক থেকে প্রত্যাহারের সময়ে মালিক ও শ্রমিক যাতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সরকার পূর্ণ সচেষ্ট। এ লক্ষ্যে অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে আলোচনা করে সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এছাড়াও, জাপানি ও ইউরোপীয় রিকন্ডিশন্ড বাণিজ্যিক যানবাহন আমদানিতে খরচ কমাতে বাণিজ্য উপদেষ্টা ও জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। পাশাপাশি, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মালিক ও চালকদের সহায়তায় একটি সমন্বিত কমিটি গঠন করার ঘোষণাও দেন উপদেষ্টা।

উল্লেখযোগ্যভাবে, বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ই-লাইসেন্সকে সর্বক্ষেত্রে বৈধ হিসেবে বিবেচনা করা হবে এবং স্মার্ট ড্রাইভিং লাইসেন্স সরবরাহে গতি আনতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। বাণিজ্যিক যানবাহনের ওপর আরোপিত অগ্রিম আয়কর (AIT) এর পরিবর্তে প্রিজাম্পটিভ ট্যাক্স ব্যবস্থা জরুরি ভিত্তিতে বাস্তবায়নের জন্য এনবিআরকে নির্দেশ দেওয়া হয়েছে।

পরিবহন শ্রমিকদের চিকিৎসা সহায়তায় একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপন এবং ‘সড়ক পরিবহন শ্রমিক কল্যাণ তহবিল আইন, ২০০৫’ সক্রিয় করার নির্দেশও দেওয়া হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরকে।

সভায় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন, সড়ক বিভাগের সিনিয়র সচিব এহছানুল হক, জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলমসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ।

পরিবহন ধর্মঘট প্রত্যাহার প্রসঙ্গে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, “সরকারকে জিম্মি করে দাবি আদায় করা পরিবহন শ্রমিক-মালিকদের উদ্দেশ্য নয়। বরং সরকারের সঙ্গে সহযোগিতামূলক মনোভাব নিয়ে চলার অঙ্গীকার নিয়ে আমরা ধর্মঘট প্রত্যাহার করছি।”

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *