প্রবাসী শ্রমিকদের জন্য পাসপোর্ট ফি কমানোর ঘোষণা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রবাসী শ্রমিকদের স্বার্থে পাসপোর্ট ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

তিনি বলেন, “প্রবাসীরা আমাদের অর্থনীতির প্রাণ। তাই তাদের সুবিধার কথা বিবেচনা করে পাসপোর্ট ফি যৌক্তিক পর্যায়ে কমানোর সিদ্ধান্ত হয়েছে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, প্রবাসীরা সাধারণত বাংলাদেশ বিমানে যাতায়াত করতে পছন্দ করেন, কারণ সেখানে ভাষাগত সুবিধা ও দেশীয় খাবার পাওয়া যায়। “তাদের এই চাহিদা বিবেচনায় বিমানের সার্ভিসের মান উন্নয়নে পদক্ষেপ নেওয়া হচ্ছে,” বলেন তিনি।

শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে দ্রুত ই-গেট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। তিনি বলেন, “এ সপ্তাহের মধ্যেই ই-গেট চালুর চেষ্টা চলছে। যাদের ই-পাসপোর্ট আছে তারা পাসপোর্ট দেখিয়ে সরাসরি ই-গেট দিয়ে প্রবেশ করতে পারবেন।”

এছাড়া চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বিদেশস্থ সকল বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চালু করা হবে বলেও জানান তিনি।

বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার বিষয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এ বিষয়ে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে কমিটি কারণ অনুসন্ধান ও প্রয়োজনীয় সুপারিশ করবে।”

আসন্ন জাতীয় নির্বাচনে সংশয় বা চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই, তবে চ্যালেঞ্জ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, যা আগে কখনও ছিল না।”

তিনি আরও জানান, গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারীদের এবার যথাসম্ভব দূরে রাখার চেষ্টা করা হচ্ছে, যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা যায়।

ব্রিফিংয়ে প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ এনডিসি, আইজিপি বাহারুল আলম বিপিএম, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এনডিসি প্রমুখ উপস্থিত ছিলেন।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *