চলতি সপ্তাহের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে: নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিবেদক: চলতি সপ্তাহের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। রোববার (৭ ডিসেম্বর) তফসিল, গণভোট এবং ভোটের প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত ইসির পর্যালোচনা বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
নির্বাচন কমিশনার বলেন, “ভোটের দিন দেশে সাধারণ ছুটি থাকবে। তবে নির্বাচন কমিশনের প্রয়োজন অনুযায়ী ব্যাংক ও পোস্ট অফিস খোলা রাখতে হবে।” তিনি আরও জানান, তফসিল ঘোষণার পর প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ জাতির উদ্দেশে বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার করার জন্য শিগগিরই রেকর্ড করা হবে।
নির্বাচন প্রস্তুতি:
তফসিল ঘোষণার দিন সন্ধ্যায় মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয়সভা অনুষ্ঠিত হবে। আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে প্রতিটি উপজেলায় দু’জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন। ভোটের পাঁচ দিন আগে ম্যাজিস্ট্রেটের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। ভোটের আগের রাতেই সব ব্যালট ভোটকেন্দ্রে পৌঁছে যাবে।
প্রবাসী ভোটারদের জন্য ব্যালট ছাপানো সোমবার থেকে শুরু হয়েছে। নির্বাচনে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার হিসেবে সরকারি, আধা-সরকারি এবং সরকারি ব্যাংকের কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হবে। তবে বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা এবার ভোটের দায়িত্বে থাকবেন না।
অন্যান্য সিদ্ধান্ত: তফসিল ঘোষণার পর নতুন কোনো প্রকল্প অনুমোদন করা যাবে না উপদেষ্টা পরিষদে।
উপদেষ্টা পরিষদের কোনো সদস্য নিজ পদে বহাল থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না।
তফসিল ঘোষণার পর পোস্টার অপসারণের জন্য ৪৮ ঘণ্টা সময় দেওয়া হবে; না সরালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচন কমিশন জানায়, এই পদক্ষেপের মাধ্যমে ভোট প্রক্রিয়া স্বচ্ছ, নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
