দক্ষ জনশক্তি খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও জাপানের আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক, টোকিও: বাংলাদেশ ও জাপানের মধ্যে দক্ষ জনশক্তি খাতে সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) টোকিওতে বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়ক সিনিয়র সহকারী মন্ত্রী আকিয়ামা শিনইচির সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী উপস্থিত ছিলেন। আলোচনায় উভয়পক্ষ দক্ষ জনশক্তি প্রেরণ, প্রশিক্ষণ, ভাষা শিক্ষা ও শিল্পখাতভিত্তিক কর্মসংস্থানের বিষয়ে মতবিনিময় করেন।

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া বলেন, গণতন্ত্র, উন্নয়ন, মানবাধিকার ও আইনের শাসনের অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশ ও জাপানের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে উঠেছে। তিনি জানান, বাংলাদেশ বর্তমানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জনশক্তি প্রেরণকারী দেশ এবং বাংলাদেশের দক্ষ কর্মীরা জাপানের নির্মাণ, সেবা, উৎপাদন ও তথ্যপ্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

তিনি উল্লেখ করেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে মে ২০২৫ সালে জাপান সফরকালে দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়, যার আওতায় আগামী পাঁচ বছরে ১ লাখ বাংলাদেশি কর্মী জাপানে প্রেরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ড. ভূঁইয়া আরও জানান, জাপানি ভাষা ও দক্ষতা প্রশিক্ষণের সমন্বয়ের জন্য মন্ত্রণালয়ে “জাপান সেল” গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বাংলাদেশের মধ্যে স্পেসিফায়েড স্কিল্ড ওয়ার্কার (SSW) ফিল্ড টেস্ট চালুর সুযোগ দেওয়ায় জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং খাদ্য ও পানীয় উৎপাদন, খাদ্য পরিবেশন, শিল্পজাত পণ্য উৎপাদন, মোটরগাড়ি রক্ষণাবেক্ষণ, বিমান সেবা ও জাহাজ নির্মাণসহ আরও খাতে এই পরীক্ষার সুযোগ সম্প্রসারণের আহ্বান জানান।

এছাড়া, তিনি স্বাস্থ্যসেবা ও ওষুধ শিল্পে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দেন এবং জাপানকে চিকিৎসা প্রযুক্তি ও ওষুধ শিল্পে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ থেকে উচ্চমানের ওষুধ আমদানির আহ্বান জানান।

জাপানের সিনিয়র সহকারী মন্ত্রী আকিয়ামা শিনইচি বলেন, জাপানে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা দ্রুত বাড়ছে, ফলে দক্ষ বিদেশি শ্রমশক্তির প্রয়োজন দিন দিন বাড়ছে। তিনি বাংলাদেশ থেকে দক্ষ কর্মী প্রেরণে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও টোকিওতে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সমন্বয় বৃদ্ধির আহ্বান জানান।

বিকেলে সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া আইএম জাপান আয়োজিত মানবসম্পদ বিষয়ক সেমিনারে অংশ নেন, যেখানে প্রায় ২০০টি জাপানি কোম্পানি উপস্থিত ছিল।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *