জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন-মুন্সীগঞ্জের তিন আসনে পাঁচ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মুন্সীগঞ্জ জেলার তিনটি আসনে মনোনয়নপত্র ক্রয় ও দাখিল সম্পন্ন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সর্বশেষ তথ্য অনুযায়ী, তিনটি আসনে মোট পাঁচজন প্রার্থী এনসিপির মনোনয়নপত্র ক্রয় ও দাখিল করেছেন।
বুধবার রাত ৮টার দিকে ঢাকার বাংলা মোটরে রূপায়ন টাওয়ারে অবস্থিত এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং পরে সেখানেই দাখিল সম্পন্ন করেন।
মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান-শ্রীনগর) আসনে মনোনয়নপত্র ক্রয় ও দাখিল করেছেন—জাতীয় নাগরিক পার্টি মুন্সীগঞ্জ জেলা শাখার যুগ্ম সমন্বয়ক এডভোকেট মারুফ হাসান মন্টি, সিরাজদীখান থানা শাখার প্রধান সমন্বয়ক মোহাম্মদ আলী নেওয়াজ, সিরাজদীখান থানা শাখার যুগ্ম সমন্বয়ক মোহাম্মদ ইমরান হোসাইন।
মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টংগীবাড়ি) আসনে মনোনয়নপত্র ক্রয় ও দাখিল করেছেন জাতীয় নাগরিক পার্টি মুন্সীগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক মাজেদুল ইসলাম।
মুন্সীগঞ্জ-৩ আসনে অনলাইনের মাধ্যমে মনোনয়নপত্র সাবমিট করেছেন আয়ারল্যান্ড প্রবাসী গোলাম আজম।
দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র ক্রয়ের শেষ সময়সীমা ১৩ নভেম্বর পর্যন্ত থাকলেও ইতোমধ্যেই তিনটি আসনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের কাজ শেষ হয়েছে।
এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আগামী কয়েক দিনের মধ্যে প্রার্থীদের সাক্ষাৎকার ও যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
