|

মুন্সীগঞ্জে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” কর্মসূচির উদ্বোধন

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে তৃণমূল পর্যায়ে ১২-১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ সিলেটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় মুন্সীগঞ্জ জেলাতেও শহীদ বীরশ্রেষ্ঠ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বিকাল ৩টায় সরাসরি সম্প্রচারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমী মাহবুব, পুলিশ সুপার মেনহাজুল আলম, পিপিএম, মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত মানু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকারসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বর্ণাঢ্য উদ্বোধনী আয়োজন শেষে মুন্সীগঞ্জ সদর উপজেলা ও লৌহজং উপজেলার বালকদের অংশগ্রহণে ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে জেলায় এই ক্রীড়া কর্মসূচির সূচনা হয়। একই সময়ে মুন্সীগঞ্জ পৌরসভা ও শ্রীনগর উপজেলার অংশগ্রহণে কাবাডি প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন প্রজন্মকে ক্রীড়ার প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। এই কর্মসূচির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে সুনিয়ন্ত্রিত প্রশিক্ষণ ও যথাযথ পরিচর্যার মাধ্যমে গড়ে তোলা সম্ভব হবে।
উল্লেখ্য, “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬”-এর বিভিন্ন ইভেন্ট আগামী ২ মে থেকে ১০ মে পর্যন্ত মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন ভেন্যুতে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *