|

দিঘিরপাড় চরাঞ্চলের উন্নয়নের দাবিতে পদ্মা পাড়ে মানববন্ধন

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের চরাঞ্চলের দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যার সমাধানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার পদ্মা নদীর তীরে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, কৃষক, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার কয়েক শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দিঘিরপাড় চরাঞ্চলের হাজারো মানুষ এখনও যোগাযোগ ও বিদ্যুৎ সমস্যার কারণে দুর্ভোগ পোহাচ্ছেন। এলাকার মানুষের যাতায়াত সহজ করতে দ্রুত দিঘিরপাড়ে একটি সেতু নির্মাণ, নদীভাঙন রোধে চরাঞ্চলের প্রান্তে টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো পিচঢালাই করার দাবি জানান তারা।

এছাড়া ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে উল্লেখ করে বিদ্যুৎ সরবরাহের স্থায়ী সমাধান নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, চরাঞ্চলের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

স্থানীয়দের আশা, তাদের ন্যায্য দাবিগুলো বিবেচনায় নিয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *