নবম জাতীয় বেসবল প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী মুন্সীগঞ্জ জেলা দলের সৌজন্য সাক্ষাৎ জেলা প্রশাসকের সঙ্গে

মুন্সীগঞ্জ প্রতিনিধি: আজ ৩০ জুন ২০২৬, মঙ্গলবার মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নবম জাতীয় বেসবল প্রতিযোগিতা–২০২৬-এ কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনকারী মুন্সীগঞ্জ জেলা বেসবল দলের খেলোয়াড়রা। প্রতিযোগিতায় দলটি সারাদেশের মধ্যে চতুর্থ স্থান এবং জেলার পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এ সময় জেলা ক্রীড়া অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, জেলা ক্রীড়া অফিসার জনাব খাদিজা পারভিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসক এ গৌরবময় অর্জনের জন্য খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, জাতীয় পর্যায়ে মুন্সীগঞ্জের এমন সাফল্য জেলার ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে এবং এটি জেলার জন্য অত্যন্ত গর্বের বিষয়। তিনি আরও উল্লেখ করেন, খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে না, বরং তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের দক্ষতা ও দেশপ্রেমের চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে তিনি খেলোয়াড়দের নিষ্ঠা, অধ্যবসায় ও নিয়মিত অনুশীলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে খেলাধুলার উন্নয়ন ও খেলোয়াড়দের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাসও প্রদান করেন।
