বজ্রযোগিনীতে স্কুলছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ: যুবককে কুপিয়ে জখম, মোটরসাইকেলে আগুন

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী এলাকায় স্কুলছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এক যুবক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা দুইটি মোটরসাইকেলে আগুন দিয়েছে।
সোমবার (৪ মে) দুপুর থেকে বিকাল পর্যন্ত কয়েক দফায় এ ঘটনা ঘটে। আহত যুবক ফাহিম শেখ (২২), স্থানীয় দেলোয়ার শেখের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথা, কানের নিচে ও হাতে গভীর জখমের চিহ্ন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে রামশিং এলাকার কয়েকজন যুবক বজ্রযোগিনী জয় কালী উচ্চ বিদ্যালয়ের সামনে এসে ছাত্রীদের উত্ত্যক্ত করে। এ সময় স্থানীয় ফাহিম শেখ বাধা দিলে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পরবর্তীতে বিকাল তিনটার দিকে রামশিং এলাকার মুন্না ভূঁইয়া, আপন ভূঁইয়া এবং উত্তর ইসলামপুর এলাকার অভিসহ আরও কয়েকজন সেখানে জড়ো হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে ফাহিম শেখকে ধারালো অস্ত্র (সুইচগিয়ার) দিয়ে কুপিয়ে আহত করা হয় বলে অভিযোগ ওঠে।
ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে হামলাকারীদের ধাওয়া দিলে তারা দুইটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা মোটরসাইকেল দুটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, স্কুলছাত্রীদের উত্ত্যক্তের ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং পুড়ে যাওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। অভিযোগ পাওয়া সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
