| |

মুন্সীগঞ্জে ২ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

 মুন্সীগঞ্জ প্রতিনিধি: পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে মুন্সীগঞ্জে ২ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে মঙ্গলবার (৯ জুন) সকালে মুন্সীগঞ্জ শহরের মোঃ আমিরুল হক পৌর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

মুন্সীগঞ্জ পৌরসভার সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচি সরকারের ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত ২৫ কোটি বৃক্ষরোপণ পরিকল্পনার অংশ। এর আওতায় আগামী ছয় মাসে পৌর এলাকার বিভিন্ন স্থানে ২ হাজার গাছের চারা রোপণ করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সংশ্লিষ্টরা জানান, কর্মসূচির আওতায় পৌর এলাকার বিভিন্ন সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, খোলা জায়গা ও জনসাধারণের ব্যবহৃত স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে।

বক্তারা বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার অন্যতম কার্যকর উদ্যোগ। এ ধরনের কর্মসূচি সবুজ মুন্সীগঞ্জ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *