ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. শফিকুর রহমান

মুন্সীগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশ ও জাতির কল্যাণে সততা, জবাবদিহিতা এবং নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠার বিকল্প নেই।
শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জ শহরের রয়েল পার্টি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত বার্ষিক সদস্য (রুকন) সম্মেলন-২০২৬ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “২০২৪ সালের আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় আজকের রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। যারা বিভিন্ন সময়ে গণতন্ত্র, অধিকার ও ন্যায়ের পক্ষে সংগ্রাম করেছেন এবং যারা প্রাণ উৎসর্গ করেছেন, তাদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
তিনি আরও বলেন, “দেশের মানুষ সংস্কার ও ইতিবাচক পরিবর্তনের পক্ষে মত দিয়েছে। তাই জনগণের প্রত্যাশা অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করা উচিত। জনগণের রায় ও আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে।”
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দুর্নীতি, ঘুষ ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে না পারলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে না।
তিনি অভিযোগ করে বলেন, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে এখনো উদ্বেগ ও অনিশ্চয়তা রয়েছে। চাঁদাবাজি ও অনিয়ম বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।
মুন্সীগঞ্জ জেলা জামায়াতের আমির আ. জ. ম. রুহুল কুদ্দুসের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি ফখরুদ্দিন রাজির সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দক্ষিণাঞ্চলের পরিচালক ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।
এছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের সাবেক জেলা আমির অধ্যাপক এবিএম ফজলুল করিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি সিরাজুল আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, পৌর আমির এ এস এম বায়েজিদ, ইসলামী ছাত্রশিবির মুন্সীগঞ্জ জেলা সভাপতি মুজাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক রিফাত হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
