|

রাকা ইন্ডাস্ট্রিজের সহযোগিতায় বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি ঘিরে সমালোচনা

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের বজ্রযোগিনী ইউনিয়নে বিএনপির উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে রাকা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সৌজন্য সহযোগিতা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বজ্রযোগিনী জয় কালী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু, শিল্পপতি মোশারফ হোসেন পুস্তিসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থাকার কথা রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে এমন একটি প্রতিষ্ঠানের নাম যুক্ত করা হয়েছে, যার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে শিল্পবর্জ্য ফেলে পরিবেশ দূষণের অভিযোগ রয়েছে। তাদের দাবি, রাকা ইন্ডাস্ট্রিজের বর্জ্যে আশপাশের জলাশয় ও কৃষি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ রয়েছে।

অভিযোগকারীরা আরও বলেন, পরিবেশ দূষণের অভিযোগ থাকা কোনো প্রতিষ্ঠানের সহযোগিতায় পরিবেশ রক্ষার কর্মসূচি আয়োজন করায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এতে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের ভাবমূর্তিও প্রশ্নের মুখে পড়তে পারে বলে তারা মনে করেন।

এদিকে স্থানীয় রাজনৈতিক মহলের একটি অংশের দাবি, এ আয়োজনের মাধ্যমে সংসদ সদস্য কামরুজ্জামান রতনকে বিতর্কের মধ্যে ফেলার অপচেষ্টা হতে পারে। তাদের মতে, কর্মসূচির আয়োজক কমিটির কিছু ব্যক্তির অতীত রাজনৈতিক অবস্থান ও স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে নানা আলোচনা রয়েছে, যা নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।

তবে রাকা ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে তাদের সম্পৃক্ততার বিষয়ে প্রতিষ্ঠানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বজ্রযোগিনী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মন্টু বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই।
এ বিষয়ে সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা ও অনুষ্টানের সঞ্চালক মোঃ মিজানুর রহমান খান জানান, রাকা ইন্ডাস্ট্রিজ আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করছে। পাশাপাশা উপজেলা ও জেলা প্রশাসনের কর্মসূচিতেও প্রায় ১২ হাজার চারা দিচ্ছেন তারা। আর রাকা প্রতিষ্টানটিকে সংশোধনের সুযোগ করে দেওয়াও আমাদের দায়িত্ব।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *