|

মুন্সীগঞ্জে বিদেশফেরত কর্মীদের পুনরেকত্রীকরণ বিষয়ক জেলা কর্মশালা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ, ২ জুলাই ২০২৬: বিদেশফেরত কর্মীদের পুনরেকত্রীকরণ, কর্মসংস্থান ও সামাজিক পুনর্বাসনকে আরও কার্যকর করার লক্ষ্যে বৃহস্পতিবার মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ” শীর্ষক এ কর্মশালার আয়োজন করে রিইন্টিগ্রেশন অব মাইগ্র্যান্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ (ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম)।

কর্মশালায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকারসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনায় বিদেশফেরত কর্মীদের পুনর্বাসন প্রক্রিয়া আরও শক্তিশালী করার বিভিন্ন দিক তুলে ধরা হয়। বিশেষভাবে তাঁদের অর্জিত দক্ষতার যথাযথ ব্যবহার, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন এবং সরকারি ও বেসরকারি সেবাগুলো সহজলভ্য করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, বিদেশফেরত কর্মীদের দীর্ঘমেয়াদি ও টেকসই পুনর্বাসনের জন্য বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। সমন্বিত পরিকল্পনা ও কার্যকর সহযোগিতার মাধ্যমে তাঁদের সমাজ ও অর্থনীতির মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, বিদেশফেরত কর্মীরা দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁদের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে নতুন উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিদেশফেরতদের জন্য সরকারের বিভিন্ন সহায়তা ও সেবামূলক কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *