| |

বাউবিতে “হিসাব, নিরীক্ষা ও আর্থিক ব্যবস্থাপনা” বিষয়ক প্রশিক্ষণের সফল সমাপ্তি ও সনদ বিতরণ

গাজীপুর প্রতিনিধি: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত “হিসাব, নিরীক্ষা ও আর্থিক ব্যবস্থাপনা” বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি আজ বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে সফলভাবে সম্পন্ন হয়েছে। বিকাল ৩টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেমিনার হলে আয়োজিত সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবির মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “অর্জিত জ্ঞানকে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজে ও কর্মক্ষেত্রে প্রয়োগ করাই প্রকৃত শিক্ষা। এই প্রশিক্ষণ থেকে পাওয়া অভিজ্ঞতা পরিবার থেকে শুরু করে কর্মক্ষেত্র—সব জায়গায় কাজে লাগাতে হবে। আমি বিশ্বাস করি, এই প্রশিক্ষণ আমাদের সবার পেশাগত ও ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।” পরে তিনি অংশগ্রহণকারী কর্মকর্তাদের হাতে সনদপত্র তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম। তিনি বলেন, “আমি আশা করি এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে কর্মকর্তারা তাদের পেশাগত দক্ষতার আরও উন্নয়ন ঘটাতে সক্ষম হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমের মানোন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে ছিলেন বাউবির অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ আশরাফুল ইসলাম এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ফার্ম ‘রেদওয়ান রহমান অ্যান্ড কো.’-এর পরিচালক (কর ও পরামর্শ) গিয়াসউদ্দিন মোল্লা এমআইএমএ, এফসিসিএ।

সমাপনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান।

উল্লেখ্য, মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের দিকনির্দেশনায় আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচি বাউবির প্রশাসনিক স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।


Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *