ডিবি পুলিশের অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি: পুলিশ সুপার, মুন্সীগঞ্জের কঠোর নির্দেশনায় জেলার বিভিন্ন থানা ও ফাঁড়ি এলাকায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশ পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (০৫ জুলাই ২০২৬) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মুন্সীগঞ্জ থানাধীন দূর্গাবাড়ি এলাকায় মাসুম সৈয়ালের বাড়ির পাশের পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রোমান সরকার (৪৪), পিতা- মৃত আব্দুল সত্তার, সাং- দক্ষিণ ইসলামপুর এবং মোঃ মাসুম সৈয়াল (৪৭), পিতা- কাদের সৈয়াল, সাং- দূর্গাবাড়ি, থানা ও জেলা- মুন্সীগঞ্জকে ৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
পরে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একই দিন রাত ৮টা ৩০ মিনিটে মুন্সীগঞ্জ থানাধীন মাদবরবাড়ি (ডিঙ্গাভাঙ্গা) এলাকায় মাসুম বেপারীর মিলের সামনের ফাঁকা স্থানে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাসুম বেপারী (৪৮), পিতা- মৃত মোবারক বেপারী, সাং- মাদবরবাড়ি (ডিঙ্গাভাঙ্গা), থানা ও জেলা- মুন্সীগঞ্জকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, পৃথক দুই অভিযানে মোট ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
