হারানো অস্ত্রের সন্ধানে মিলবে পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: আইন শৃঙ্খলা বাহিনীর হারানো অস্ত্র উদ্ধারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে সরকার। হারানো অস্ত্রের সন্ধান দিলে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা জানান, “আইনশৃঙ্খলা বাহিনীর হারানো আনুমানিক ৭০০ অস্ত্র এখনো উদ্ধার বাকি রয়েছে। এসব অস্ত্র উদ্ধারে একটি বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। যারা অস্ত্রের সন্ধান দিতে পারবে, তাদেরকে উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে।” এ লক্ষ্যে শিগগিরই একটি কমিটি গঠন করে বিস্তারিত নির্দেশনা ও নিয়মাবলি গণমাধ্যমে জানানো হবে বলেও জানান তিনি।
সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড প্রসঙ্গে দুঃখপ্রকাশ
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড সম্পর্কে উপদেষ্টা বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এমন একটি বর্বর ঘটনা সমাজে কেউ কল্পনাও করতে পারে না।” তিনি বলেন, “এক সময় মানুষ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতো। এখন অনেকেই কেবল ভিডিও করে—এটা উদ্বেগজনক। অপরাধ প্রতিরোধ করা আমাদের নৈতিক দায়িত্ব। সবসময় সবখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকেন না, তখন সাধারণ জনগণকেই সচেতন হতে হবে।”
তিনি আরো জানান, এ ঘটনায় জড়িত বেশিরভাগ অপরাধীকে ইতোমধ্যে আইনের আওতায় আনা হয়েছে।
নিউমার্কেট থেকে উদ্ধার ১১০০ দেশীয় অস্ত্র
সম্প্রতি রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে ১১০০ দেশীয় অস্ত্র উদ্ধারের প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “যারা এসব অস্ত্র তৈরি করে, তারা জানে কারা এগুলো ব্যবহার করছে। তাদের আরো সচেতন হতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনেছে।”
নির্বাচন ঘিরে সহিংসতার শঙ্কা প্রসঙ্গে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সহিংসতার আশঙ্কা রয়েছে কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কেবল আইনশৃঙ্খলা বাহিনী নয়, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, প্রশাসন এবং সর্বোপরি জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।”
তিনি আরও জানান, আসন্ন নির্বাচনে প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের নিরাপত্তার জন্য অস্ত্রসজ্জিত একজন বাড়তি আনসার সদস্য (গানম্যান) নিয়োজিত থাকবে।
উপস্থিত কর্মকর্তারা
ব্রিফিংকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, পিএসসি প্রমুখ উপস্থিত ছিলেন।
