নারীর স্বাস্থ্য ও ক্ষমতায়ন নিশ্চিতেই টেকসই উন্নয়ন সম্ভব — পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নারীর স্বাস্থ্য ও ক্ষমতায়ন নিশ্চিত করলেই টেকসই উন্নয়ন সম্ভব। নারীর প্রতি যত্নশীল হওয়া যেমন সামাজিক দায়িত্ব, তেমনি জাতীয় উন্নয়নের অন্যতম শর্ত।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে ‘Joining Hands for Improving Women’s Healthcare in Bangladesh’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নারীরা লবণাক্ততা, বিশুদ্ধ পানির অভাব ও প্রজননজনিত নানা জটিলতার মুখোমুখি হচ্ছেন। এসব এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মোবাইল ক্লিনিক বা নৌকা হাসপাতালের মতো উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ জরুরি। তিনি আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্প ও উপকূলের প্রত্যন্ত অঞ্চলে যারা স্বাস্থ্যসেবা দিচ্ছেন, তারা মানবিকতার ফ্রন্টলাইনে কাজ করছেন।
নারীর প্রজনন স্বাস্থ্যকে সামাজিকভাবে ‘নিষিদ্ধ’ ভাবা ভুল উল্লেখ করে তিনি বলেন, “শিশুদের ছোটবেলা থেকেই স্বাস্থ্যবিধি, প্রজনন স্বাস্থ্য ও আত্মসচেতনতা সম্পর্কে শেখানো প্রয়োজন। নারীর স্বাস্থ্য নিয়ে নীরবতা নয়, দরকার সচেতন আলোচনা।”
নিজের অভিজ্ঞতার আলোকে পরিবেশ উপদেষ্টা বলেন, “বাংলাদেশে এখনো প্রজনন স্বাস্থ্য বা মাতৃত্বকালীন যত্ন অনেকের জন্য বিলাসিতা। নারীকে সুস্থ রাখতে হলে পরিবার, সমাজ ও রাষ্ট্র—সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে।”
তিনি আরও বলেন, “আমাদের সমাজে নেগেটিভ চিন্তা ছড়ানো এখন অভ্যাসে পরিণত হয়েছে। অথচ উন্নয়নের জন্য দরকার ইতিবাচক দৃষ্টিভঙ্গি। নারী স্বাস্থ্য ও শিক্ষা সেই ইতিবাচকতার শক্ত ভিত গড়ে দেয়।”
অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. মো. আবু জাফর, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. আশরাফি আহমাদ, এনডিসি, এবং মেরি স্টোপস ক্লিনিক-এর প্রতিনিধি বক্তব্য রাখেন।
এছাড়া প্রফেসর ডা. ফারহানা দেওয়ান-এর FIGO Women’s Award 2025 অর্জন উপলক্ষ্যে তাঁকে বিশেষ সম্মাননা জানানো হয়।
