আজকের শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ”– মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আজকের শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ এবং আগামী দিনে তারা দেশ পরিচালনা করবে। তিনি এই বক্তব্য রাখেন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নর্থ প্যাসিফিক ইন্টারন্যাশনাল (এনপিআই) ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে।
উপদেষ্টা বলেন, “তোমরাই সেই ছেলে-মেয়ে যারা নতুন বাংলাদেশের জন্ম দিয়েছো। দেশের জন্য নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে—এই প্রত্যাশা করছি।” তিনি গ্রামীণ ছাত্রছাত্রীদের স্বল্প খরচে উচ্চশিক্ষার সুযোগ প্রদানের প্রশংসা করেন এবং মানিকগঞ্জকে ‘সূফি–দরবেশদের জ্ঞানচর্চার কেন্দ্র’ হিসেবে উল্লেখ করেন।
সমাবর্তনে বক্তৃতা করেন—সাভার সিআরপির প্রতিষ্ঠাতা ড. ভ্যালেরি অ্যান টেইলর, শিক্ষাবিদ প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ, ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনেয়ার হোসেন, বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি ড. মোঃ সবুর খান এবং বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইঞ্জি. মোঃ শামসুর রহমান।
সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের ৪৬৭ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। এছাড়া চ্যান্সেলর অ্যাওয়ার্ড, বিওটি চেয়ারম্যান গোল্ড মেডেল, ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড, ডিনস অ্যাওয়ার্ড এবং একাডেমিক এক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল ও অর্থ কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।
