|

নওগাঁয় গরু বোঝায় ভটভটি উল্টে নিহত ২, আহত ৪

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলায় গরু বোঝাই একটি ইঞ্জিনচালিত ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে চালক ও এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন গরু ব্যবসায়ী আহত হয়েছেন।

শনিবার সকাল ৮টার দিকে উপজেলার বিহারীনগর বাইপাস সড়কের তালঝাড়ি মাঠের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উপজেলার আড়ানগর এলাকার ভটভটি চালক মাসুদুর রহমান মওলা (৩৫) ও একই গ্রামের গরু ব্যবসায়ী ভুট্টু (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আড়ানগর এলাকা থেকে কয়েকজন গরু ব্যবসায়ী ভটভটিতে করে গরু নিয়ে জয়পুরহাটের একটি গরুর হাটে যাচ্ছিলেন। পথে বিহারীনগর-পিড়লডাঙ্গা বাইপাস সড়কের তালঝাড়ি এলাকায় একটি মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে ধানক্ষেতে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই চালক মাসুদুর রহমান মওলা নিহত হন। খবর পেয়ে ধামইরহাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পথে গরু ব্যবসায়ী ভুট্টুরও মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত চারজনের মধ্যে সলিম ও নাজিম নামের দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ঈমাম জাফর জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *