মুন্সীগঞ্জ ক্লাব লিমিটেডের প্রথম বর্ষপূর্তি উদযাপন

মুন্সীগঞ্জ প্রতিনিধি: আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আলোচনা সভা, র্যালী ও কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি বিতরণের মাধ্যমে মুন্সীগঞ্জ ক্লাব লিমিটেড তার প্রথম বর্ষপূর্তি উদযাপন করেছে। শুক্রবার সকালে শহরের খালইস্ট এলাকার একটি রেস্টুরেন্টে সংগঠনের প্রায় ৭০ জন সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে আয়োজকরা নিজেদের পরিচয় তুলে ধরেন এবং সংগঠনের উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিতভাবে আলোচনা করেন। পরে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০ জন কৃতি শিক্ষার্থীর মধ্যে উৎসাহব্যঞ্জক বৃত্তি ও সম্মাননা উপহার প্রদান করা হয়। এছাড়া ক্লাবের সকল সদস্যদের জন্য ক্যাপ, সার্টিফিকেট ও আইডি কার্ড বিতরণ করা হয়।
দুপুর ১২টার দিকে জেলা শহরের খালইস্ট এলাকা থেকে বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অনুষ্ঠানস্থলে শেষ হয়।
মুন্সীগঞ্জ ক্লাব লিমিটেডের সভাপতি বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ও বিশেষ শাখার প্রধান গোলাম রসুল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত এবং বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার।
সভাপতির বক্তব্যে গোলাম রসুল সংগঠনের প্রজন্ম পরম্পরায় নেতৃত্ব বহাল রাখার আশা প্রকাশ করে এবং মুন্সীগঞ্জের সার্বিক উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বিশেষ অতিথির বক্তব্যে পারস্পরিক সহযোগিতা ও সংস্কৃতি চর্চার উপর গুরুত্ব দেন। জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত এই ধরনের কার্যক্রমকে নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণামূলক হিসেবে উল্লেখ করে সংগঠনের সার্বিক সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে মুন্সীগঞ্জ ক্লাব লিমিটেডের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল শাহজাহান মজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রাউন সিমেন্টের চেয়ারম্যান ও ক্লাবের ডিরেক্টর মোহাম্মদ আলমগীর কবির, ডিরেক্টর ডা. অঞ্জন লাল ঘোষ, আবু তালহা মাসুম, মশিউর রহমান রাসেল, লেফটেন্যান্ট কর্ণেল (অব.) আশফাকুজ্জামান, কর আইনজীবী মিটুল, মেজর (অবঃ) মিজানুর রহমান, ব্যারিস্টার আফরোজা ফিরোজ মিতা, মোশারফ গ্রুপের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন পুস্তি, মেট্টোসেম সিমেন্টের চেয়ারম্যান মো. শহিদুল্লাহ ও ডিরেক্টর মঈন উদ্দিন মাসুদ।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের ট্রেজারার, আইনজীবী ও সাংবাদিক মুঃ আবুসাঈদ সোহান।
