|

মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

মুন্সীগঞ্জ প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মুন্সীগঞ্জে র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ জুন ২০২৬) জেলা প্রশাসন ও মুন্সীগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এছাড়া উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম (পিপিএম), জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমা নাহার, মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। পরে বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতার বিকল্প নেই। নিজেদের বাড়িঘর, আঙিনা, ছাদ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যাতে পরিষ্কার পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতাই সবচেয়ে কার্যকর হাতিয়ার। সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব। একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ মুন্সীগঞ্জ গড়ে তুলতে সকলের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন বক্তারা।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *