মুন্সীগঞ্জ লঞ্চঘাটকে আদর্শ অবকাশকেন্দ্র গড়তে সভা মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মো. আঃ মালেক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকার জমি সংক্রান্ত আপত্তি ও বিরোধ নিষ্পত্তি, অবৈধ দখল উচ্ছেদ এবং ঘাট এলাকাকে একটি নান্দনিক ও আদর্শ অবকাশকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তাদের সঙ্গে সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান।সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম; জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত; উপপরিচালক, স্থানীয় সরকার মৌসুমী মাহবুব; অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার; প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, সাধারণ সম্পাদক গোলজার হোসেনসহ বিআইডব্লিউটিএ-এর কর্মকর্তাবৃন্দ এবং মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকার ব্যবসায়ীবৃন্দ।
সভায় মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকার জমি সংক্রান্ত আপত্তি ও বিরোধ নিষ্পত্তি, সরকারি ও বিআইডব্লিউটিএ’র সম্পত্তিতে অবৈধ দখল চিহ্নিত করে উচ্ছেদ, ঘাট এলাকার শৃঙ্খলা ও পরিবেশ উন্নয়ন এবং জনসাধারণের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও নান্দনিক পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় লঞ্চঘাটকে মুন্সীগঞ্জের অন্যতম আকর্ষণীয় ও আদর্শ অবকাশকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় লঞ্চঘাট এলাকার সার্বিক উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের পাশাপাশি জনস্বার্থে প্রয়োজনীয় অবকাঠামো এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
