মুন্সীগঞ্জে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী বাড়াতে উদ্বুদ্ধকরণ সভা

মো. আঃ মালেক, মুন্সীগঞ্জ: সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে মানুষের আগ্রহ বাড়ানো এবং এ বিষয়ে সাধারণ মানুষকে অবহিত করতে মুন্সীগঞ্জে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় মুন্সীগঞ্জ সদর উপজেলা অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন পিপিএম, সদর উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তফা, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেনসহ ধর্মীয় নেতৃবৃন্দ ও হজযাত্রীরা।
সভায় বক্তারা সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের বিভিন্ন সুযোগ-সুবিধা এবং নিরাপদ ও সুশৃঙ্খলভাবে হজ কার্যক্রম সম্পন্ন করার বিষয়গুলো তুলে ধরেন। একই সঙ্গে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে আগ্রহী করতে জেলা ও উপজেলা পর্যায়ে আরও ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা বলেন, হজযাত্রীদের সঠিক ও নির্ভরযোগ্য তথ্য প্রদান, হজ পালনের নিয়ম-কানুন ও আনুষ্ঠানিকতা সম্পর্কে আগাম ধারণা দেওয়া এবং পুরো প্রক্রিয়া নিয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা জরুরি। এর মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের বিষয়ে মানুষের আস্থা আরও বাড়বে।
সভায় সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রার সুযোগ-সুবিধাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি যোগ্য ও আগ্রহী ব্যক্তিদের এ ব্যবস্থাপনায় হজ পালনে উৎসাহিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
